Debt Trap, Loan Crisis: একাধিক লোনের জালে জড়িয়ে গেলে কীভাবে সেই জাল কেটে বেরোবেন? – Bengali News | Debt Trap, Loan Crisis: How to get out of the trap of multiple loans?
লোন নিয়ে তাড়াতাড়ি কীভাবে শোধ করবেন?Image Credit: Getty Images
অনেক সময় মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, যেখানে হঠাৎ কিছু টাকার দরকার পড়ে যায়। যেমন ধরা যাক কোনও চিকিৎসা বা পাবিবারিক কোনও সমস্যা, কোনও জরুরি অবস্থা বা হঠাৎ বাড়ি সারানোর মতো বিষয়। আর সেই সময় মানুষ পার্সোনাল লোনকেই বেশি ভরসা করে। আর এর ফলে মানুষ নিজের অজান্তেই জড়িয়ে যেতে পারে ঋণের ফাঁদে। একাধিক ইএমআই শোধ করা তখন একটি দায়ে পরিণত হয়। এই ক্ষেত্রে কয়েকটা পদক্ষেপ যদি আপনি করেন, তাহলে ঋণ পরিশোধের ক্ষেত্রে অনেক দিন দিয়ে লাভবান হবেন আপনিই।
প্রথম পদক্ষেপ: স্বয়ংক্রিয় পরিশোধ
সর্বপ্রথম, সমস্ত ইএমআই পরিশোধের পদ্ধতিকে স্বয়ংক্রিয় বা অটোমেট করুন। যাতে নির্দিষ্ট তারিখে আপনার সব ইএমআই একসঙ্গে কেটে যায়। একাধিক তারিখ মনে রাখার দরকার নেই। ব্যাঙ্কের সাথে কথা বলে সব ইএমআই পেমেন্টের তারিখ মাসের একই দিনে রাখুন। মনে রাখবেন, স্যালারি ঢোকার পর পর সেই তারিখ রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে টাকা অন্য কোথাও খরচ হওয়ার আগেই ঋণ শোধ হয়ে যায়।
ঋণ-তালিকা তৈরি করুন
এরপর একটি তালিকা তৈরি করুন। যেখানে সমস্ত লোনের বিশদ বিবরণ লিখে রাখবেন। ব্যাঙ্কের নাম, সুদের হার, বকেয়া পরিমাণ, কতগুলি ইএমআই বাকি, এই সই সেখানে লিখতে হবে। প্রতি মাসে এই তালিকা আপনাকে আপডেট করতে হবে। এই তালিকাই আপনাকে আপনার আসল ঋণের বোঝা সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে।
বাজেটই পথ দেখাবে
এই ঋণের তালিকা হাতে এলেই তৈরি করুন মাসিক বাজেট। এই বাজেট থেকে আপনি বুঝতে পারবেন, মাসিক খরচের পর আপনার হাতে অতিরিক্ত কত টাকা থাকছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে সেই অতিরিক্ত টাকাটাই আপনার দ্রুত ঋণমুক্তির হাতিয়ার।
ঋণ এক ছাতার নীচে নিয়ে আসুন
আপনার যদি ছোট ছোট একাধিক লোন থাকে, তবে একটি সিঙ্গেল পার্সোনাল লোন নিয়ে সেই ছোট লোনগুলো শোধ করে দিন। কারণ, একটি লোনের হিসাব রাখা অনেক সহজ। এছাড়াও, হাতে থাকা অতিরিক্ত টাকা দিয়ে লোন শোধ করতে পারেন। সবচেয়ে কম টাকা বাকি রয়েছে যে লোনে, সেটা আগে শোধ করে দিয়ে ঋণের সংখ্যা কমিয়ে ফেলুন। আর নাহলে যে ঋণে সুদের হার সবচেয়ে বেশি, সেই ঋণ আগে শোধ করে ফেলুন।
ব্যাঙ্কের সাথে কথা বলুন
আপনার বর্তমান ব্যাঙ্কের আধিকারিকদের সাথে সরাসরি কথা বলুন। সুদের হার কমানো বা লোনের মেয়াদ বৃদ্ধি করে ইএমআই কমানোর মতো ঋণ পুনর্গঠন বিকল্পগুলি নিয়ে আলোচনা করুন। যদি আপনার নিজের ব্যাঙ্ক সাহায্য না করে, তাহলে ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে অন্য ব্যাঙ্কে যান, যে ব্যাঙ্কে সুদের হার কম।
বোনাস কাজে লাগান, পরামর্শ নিন
দীপাবলি, দুর্গাপুজোর বোনাস বা বার্ষিক পারফরম্যান্স বোনাসের মতো এককালীন অর্থ পেলে তা লোন শোধে ব্যবহার করুন। ক্রেডিট কার্ডের বকেয়াতে ৪২ শতাংশ পর্যন্ত সুদ দিতে হতে পারে। ফলে, ক্রেডিট কার্ডের জালে আটকে গেলে, সেই ঋণ আগে মিটিয়ে ফেলুন। যদি এই সব সামলাতে অসুবিধা হয়, তাহলে দেরি না করে একজন পেশাদার ঋণ পরামর্শদাতার সাহায্য নিন। শৃঙ্খলা ও সঠিক কৌশল দিয়ে এই চাপ সামলানো সম্ভব।
কোথাও থেকে কোনও ঋণ নিতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা ঋণ নেওয়া নিয়ে কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।