Indian Air Force: আত্মনির্ভর ভারতই লক্ষ্য, ৬৫ হাজার ৪০০ কোটিতে যুদ্ধবিমানের ইঞ্জিন! – Bengali News | Indian Air Force: Self reliant India is the goal, fighter jet engines for 65,400 crores!
১ হাজার ১০০ ইঞ্জিন কোন যুদ্ধবিমানে লাগাবে ভারত?
প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ আত্মনির্ভর হতে চাইছে ভারত। আর সেই স্বপ্নকে সত্যি করতে এবার সত্যিই উঠে পড়েছে প্রতিরক্ষা দফতর। ২০৩৫ সালের মধ্যে ভারত ফাইটার জেটের ইঞ্জিন কিনতে প্রায় ৬৫ হাজার ৪০০ কোটি টাকা খরচ করবে।
দেশের প্রতিরক্ষা আধিকারিকদের মতে, আগামী কয়েক বছরেই ভারতের প্রায় ১ হাজার ১০০টি নতুন জেট ইঞ্জিনের প্রয়োজন হবে। এই ইঞ্জিনগুলো তেজস যুদ্ধবিমান এবং ভবিষ্যৎ প্রজন্মের এয়ারক্রাফ্টেই ব্যবহার করা হবে।
কেন এই পদক্ষেপ?
দীর্ঘদিন ধরে ভারতের স্বদেশী ‘কাবেরী’ ইঞ্জিন প্রকল্পটি প্রযুক্তিগত কারণে সফল হতে পারেনি। ১৭ অক্টোবর শুক্রবার, গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্ট বা GTRE-এর ডিরেক্টর এস ভি রামানা মূর্তি এই নতুন পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, ‘একটি দেশীয় ইকোসিস্টেম তৈরির জন্য মিশন মোডে কাজ করতে হবে’। তিনি ভারতের কাবেরী ইঞ্জিন নিয়েও আপডেট দেন। তিনি বলেন, কাবেরী ইঞ্জিনের একটি সংস্করণ স্বদেশী ড্রোন UCAV-এর জন্য ব্যবহার করা হতে পারে।
ভারত তার প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার AMCA-এর প্রোটোটাইপ ২০২৮ সালের মধ্যেই রোলআউট হবে বলে আশা করা হচ্ছে। আর খুব সম্ভবত তার জন্য আন্তর্জাতিক সাহায্য নেবে আমাদের দেশ। এই AMCA ফাইটারের ইঞ্জিনের জন্য ফ্রান্সের স্যাফরন, ব্রিটেনের রোলস-রয়েস ও মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক আগ্রহ দেখিয়েছে।
একই সঙ্গে মনে করা হচ্ছে এই প্রথমবার, ইঞ্জিন তৈরির বিড রাষ্ট্রায়ত্ত সংস্থা HAL-এর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির জন্যও খোলা হবে। যা থেকে বোঝা যায়, আগামী দশক ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।