তিন দিন জল বন্ধ শিলিগুড়িতে, বিজেপির বিক্ষোভে উত্তাল পুর নিগম - 24 Ghanta Bangla News
Home

তিন দিন জল বন্ধ শিলিগুড়িতে, বিজেপির বিক্ষোভে উত্তাল পুর নিগম

Spread the love

টানা তিন দিন শহরে বন্ধ পুরনিগমের পানীয় জল সরবরাহ। চাঁদিফাটা গরমে তেষ্টা মেটাতে মোটা টাকা খরচ করে জল কিনতে হচ্ছে শিলিগুড়ি শহরের বাসিন্দাদের। তারই প্রতিবাদে পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। মঙ্গলবার বিজেপির বিক্ষোভ মোকাবিলায় মোতায়েন ছিল প্রচুর পুলিশ। শহরের বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, এই অপদার্থ মেয়রের দ্রুত পদত্যাগ করা উচিত।

মঙ্গলবারের বিক্ষোভে নেতৃত্ব দেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। সঙ্গে ছিলেন বিজেপি কাউন্সিলররা। তাঁদের অভিযোগ, শহরে জল সরবরাহ অনিয়মিত। বিভিন্ন জায়গায় জল পৌঁছায় না। অথচ কোনও হেলদোল নেই মেয়র গৌতম দেবের। কবে শহরে জল সরবরাহ স্বাভাবিক হবে তা জানতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কাউন্সিলররা।

শহরের জলসংকট নিয়ে স্থানীয় বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, ‘অশোক ভট্টাচার্য যখন মেয়র ছিলেন তখন একবার পাইপ বদলানোর জন্য দেড় দিন জল বন্ধ ছিল। তখন তৃণমূল তাঁকে কী ভাবে হেনস্থা করেছিল গৌতমবাবু কি ভুলে গেছেন? এই মেয়র সম্পূর্ণ ব্যর্থ। ওনার দ্রুত পদত্যাগ করা উচিত।’

শংকরবাবুর দাবি, ‘বিরোধী দলে থাকাকালীন শিলিগুড়িতে নতুন জল প্রকল্পের বিরোধিতা করেছিলেন গৌতম দেব। নিজে ২ বার রাজ্যের মন্ত্রী হলেও শহরের জল সংকট মোকাবিলায় কোনও পদক্ষেপ করেননি। তৃণমূলের পুরবোর্ড শিলিগুড়ির বাসিন্দাদের পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *