IND vs PAK: ‘এটা ৯০ সাল নয়…’, ভারতের বিরুদ্ধে নামার আগে বলছেন পাকিস্তানের হেড কোচ – Bengali News | ICC Champions Trophy 2025: “This is not 90s…”: Aaqib Javed defends Pakistan’s bowlers
সূচি ঘোষণার পর থেকেই অপেক্ষা চলছে। কাল সুপার সানডে-তে মহা ম্যাচ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানই এ বারের চ্য়াম্পিয়ন্স ট্রফির আয়োজক। তবে ভারতের ম্যাচ হবে দুবাইতে। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য় যেমন দুবাই প্রস্তুত, তেমনই সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরাও। ভারত জয় দিয়ে অভিযান শুরু করেছে। আয়োজক পাকিস্তান প্রথম ম্যাচেই হেরেছে। তাও আবার ঘরের মাঠে। ভারতের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচের আগে কী বলছেন পাকিস্তানের হেড কোচ?
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে পাকিস্তান। স্ক্যানারে তাদের পেস বোলিং আক্রমণ। শাহিন আফ্রিদিকে ছন্দে দেখায়নি। নাসিম শাহ শুরুটা ভালো করলেও স্লগ ওভারে প্রচুর রান দিয়েছেন। হ্যারিস রউফ ২ উইকেট নিলেও ইকোনমি শোচনীয়। ভারতের বিরুদ্ধে নামার আগে অবশ্য পেস বোলিং বিভাগকে আড়ালের চেষ্টা করলেন হেড কোচ আকিব জাভেদ। বলেন, ‘এটা ১৯৯০ সাল নয়। সে সময় আমরা ৬০ রান দিলে ৬ মাস ঘুমোতে পারতাম না। তবে এখন ৮০ রান দেওয়াটা আলাদা ব্যাপার। পুরো ম্যাচের নিরিখে দেখুন। ৩২০-৩৫০ স্কোর কোনও ব্যাপার নয়। সেক্ষেত্রে কোনও বোলার ৭০-৮০ দেওয়াটা বাস্তবিক বিষয়।’
এরপরই তাঁর ফোকাস ভারতের ম্যাচে। কার্যত হুঁশিয়ারির সুরেই বললেন, ‘কালকের ম্যাচটা পুরোপুরি আলাদা। কে আগের ম্যাচে ৮০ রান দিয়েছে সেটা নিয়ে ভাবছি না। এই ম্যাচটা পুরোপুরি আলাদা। নতুন করে শুরু করতে হবে। শেষটাও দুর্দান্ত করতে হবে।’ অতীতে পাকিস্তানের বোলিং লাইন আপ এবং তাঁদের মানসিকতার সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনাতেও অনীহা আকিব জাভেদের। আরও বলেন, ‘দলের মধ্যে ভাবনা, সুস্থ পরিবেশটা গুরুত্বপূর্ণ। গত ম্যাচে পিচ যেমন ছিল, দুবাইতে একই নাও হতে পারে। পিচ কেমন আচরণ করবে, সেই অনুযায়ীই খেলব।’