Mamata Banerjee: কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক-বিস্ফোরক কথা মমতার বইয়ে – Bengali News | Mamata Banerjee Slams Indian National Congress in Her Book
কলকাতা: ‘ইন্ডিয়া’ তুমি কার, ওর না আমার? জোটের অন্দরে জটটা আপাতত এমনই পাকিয়েছে। জোটের ঘোষিত নেতৃত্বকারী দল কংগ্রেসের বিরুদ্ধে বরাবরই সুর চড়িয়েছে শরিক তৃণমূল। কিন্তু এবার সেই কটাক্ষগুলি কার্যত বইয়ের আকার দিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলতি বছরের বইমেলায় নতুন বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। আর তার মধ্যেই ‘বাংলার নির্বাচন ও আমরা’ শীর্ষক বইয়ে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তিনি। কী লিখলেন? লিখলেন, জোটের ব্যর্থতার অন্যতম কাণ্ডারি
সর্বভারতীয় কংগ্রেস। বিধানসভা হোক কিংবা লোকসভা, সর্বক্ষেত্রে ইন্ডি জোটের ব্যাক ফুটে যাওয়ার অন্যতম কারণ হিসাবে কংগ্রেসকেই দাগিয়েছেন তিনি।
মুখ্য়মন্ত্রী লিখেছেন, ‘কংগ্রেস যে আসন পেয়েছে, তাও শরিক দলের উপর ভর করে। কংগ্রেসের ব্যর্থতাতেই মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। তাদের সভাপতি আসনে বসানো হলেও, কোনও নির্বাচনে ন্যূনতম কর্মসূচি নেয়নি কংগ্রেস।’
তবে শুধু জাতীয় রাজনীতি নয়। বাংলার ভোটেও কংগ্রেসের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। নিজের বইতে ‘রাম-বাম-শ্য়ামের জোট’ হিসাবে কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। একই সুরে তোপ দাগেন বঙ্গ বিজেপির বিরুদ্ধে। নিজের বইতে তিনি দাবি করেন, ‘বাংলা থেকে বিজেপি যে ক’টি আসন পেয়েছে, তাও কারচুপি করে।’
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর মুখে এমন মন্তব্য প্রথম নয়। এর আগেও ছলে-বলে-কৌশলে জোট শরিক কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে হাত মেলালেও সর্বসম্মুখে দেশের বিরোধী দলকে তুলোধনা করতেও ছাড়েনি ঘাসফুল শিবির। তাদের স্পষ্ট দাবি, বিরোধী মুখ হিসাবে জাতীয় কিংবা আঞ্চলিক রাজনীতিতে নিজেদের অস্তিত্ব হারিয়েছে কংগ্রেস। এমনকি, গত বছর একাধিক রাজ্যজুড়ে চলা বিধানসভা ভোটেও ইন্ডি জোটের ফল ভাল না হওয়ার অন্যতম কারণই নাকি কংগ্রেস, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
গত শীতকালীন অধিবেশন থেকে কংগ্রেসের কর্মসূচিগুলি থেকে সরে এসেছে তৃণমূল। যার জেরে ইন্ডি জোটে যে ফাটল ধরেছে, তাও সাধারণের কাছে অনেকটা দৃশ্যত হয়ে গিয়েছে। এমনকি, চলতি দিল্লির নির্বাচনেও রাজধানীর পিচে তৃণমূল সাংসদদের আপের হয়ে ব্যাট ধরতে পাঠালেও, কংগ্রেসের পাশে দাঁড়ানোর কোনও আশ্বাস দেয়নি তৃণমূল।
তবে মুখ্যমন্ত্রীর বইয়ে লেখা এমন মন্তব্যের পিছনে বিজেপির সঙ্গে তৃণমূলের তৈরি হওয়া আঁতাতকে দাগিয়ে দিচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। তাঁর কথায়, ‘ওনাকে কেউ ইন্ডি জোটে থাকার জন্য মাথার দিব্ব্যি দেননি। আসলে বিজেপিকে খুশি করতেই এমন কথা বলছেন তিনি।’
