Terror Attack: কাকভোরেই রক্তাক্ত পাকিস্তান, টুর্বুট বিমানঘাঁটিতে জঙ্গি হামলা – Bengali News | Pakistan Turbat airbase under attacked by BLA
কুয়েত্তা: কাকভোরেই রক্তাক্ত হল পাকিস্তান। জঙ্গি হামলায় পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ-বিমানঘাঁটি টুবুর্ট। মঙ্গলবার ভোরে অতর্কিত এই হামলায় অশান্ত হয়ে উঠেছে পুরো বিমানঘাঁটি চত্বর। হামলাকারীদের সঙ্গে পাক সেনার গুলির লড়াই শুরু হয়েছে। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA)। এই হামলায় অন্তত ৪টি হেলিকপ্টার ও ৩টি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং অন্তত এক ডজন পাক সেনার মৃত্যু হয়েছে বলেও BLA-র দাবি।
পাক সেনা সূত্রে খবর, এদিন ভোররাতে অতর্কিতে টুর্বুট নৌ-বিমাঘাঁটিতে হামলা চালায় বিএলএ। মূলত, বিমানঘাঁটিতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। বিমানঘাঁটিতে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বাধা দিতেই তারা হামলা চালায়। নিরাপত্তারক্ষীরাও পাল্টা জবাব দিয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত, দু-পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলছে। গোলাগুলিতে ৪ জঙ্গি খতম হয়েছে এবং তাদের কাছ থেকে হ্যান্ড গ্রেনেড-সহ স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার হয়েছে। এরপরই হামলার দায় স্বীকার করে বিএলএ মাজিদ ব্রিগেড।
এদিনের হামলায় নৌ ও বায়ুসেনা মিলিয়ে প্রায় এক ডজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে বলে বিএলএ-র দাবি। একাধিক গাড়ি নিশানা করে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও জানানো হয়েছে। এই হামলায় অনেকে গুরুতর আহত হয়েছেন। তাঁদের টুর্বুট হাসপাতালে পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে সমস্ত চিকিৎসকদের হাসপাতালে যাওয়া এবং আহতদের চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।